১,৫০০টি দুর্গাপুজোর গল্প তুলে ধরল সানরাইজ



কলকাতা, ১৮ নভেম্বর: প্রতি দুর্গাপুজোয় বাংলার হাজার হাজার মানুষ পুজোর ভোগকে ঘিরে একসঙ্গে হন। এই আয়োজনের নেপথ্যে থাকেন ভোগ ঠাকুর, রাঁধুনি এবং ক্যাটারাররা। প্রথম থালা পরিবেশনের অনেক আগে থেকেই তাঁদের কাজ শুরু হয়। বহু মানুষের জন্য রান্না করার পাশাপাশি, তাঁরা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা রেসিপি, রীতি এবং অভিজ্ঞতাও এগিয়ে নিয়ে যান।

এই দুর্গাপুজোয় সানরাইজ ‘পুজোর স্বাদকাহন’ বাংলার ভোগের ঐতিহ্য বাঁচিয়ে রাখা এই নেপথ্যের মানুষদের সামনে নিয়ে এল। উৎসবের অন্যতম প্রিয় মিলনমেলার পিছনে যাঁদের শ্রম রয়েছে, তাঁদেরই উদ্‌যাপন করল এই উদ্যোগ।

চার বছরে পা দেওয়া এই উদ্যোগ এ বছর বাংলার ১,৫০০টি পুজো কমিটির কাছে পৌঁছেছে। এর মধ্যে শহর ও জেলার বারোয়ারি পুজোর পাশাপাশি এমন বহু শতাব্দীপ্রাচীন পুজোও ছিল, যারা প্রজন্মের পর প্রজন্ম নিজেদের ঐতিহ্য ধরে রেখেছে। বিশেষ পদ, রান্নার রীতি এবং প্রতিটি এলাকার নিজস্ব প্রথার গল্পে উঠে এসেছে বাংলার দুর্গাপুজোর নানা রং, স্মৃতি এবং মিলেমিশে থাকার সংস্কৃতি।
এই গল্পগুলি দেখিয়েছে, বাংলার নানা প্রান্তে পুজোর ভোগ কীভাবে আলাদা আলাদা স্বাদে ধরা দেয়। কোথাও পুজোর দিন অনুযায়ী বদলে যায় মেনু, পোলাও ও লুচি-আলুর দম থেকে খিচুড়ি ও পায়েস পর্যন্ত। কোথাও উঠে এসেছে অষ্টমীর ভোগের স্মৃতি, একসঙ্গে বসে কয়েক প্রজন্মের মহাপ্রসাদ খাওয়া, কিংবা গোটা পাড়ার একজোট হয়ে হাজার হাজার মানুষের জন্য রান্না ও পরিবেশন করার কথা। সব গল্পেই একটি কথা স্পষ্ট: ভোগ শুধু খাবার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভক্তি, স্মৃতি, সমাজ এবং বছরের পর বছর ধরে বয়ে চলা ঐতিহ্য।

এই সব গল্পের কেন্দ্রে রয়েছেন সেই মানুষরা, যাঁরা গোটা আয়োজন সম্ভব করে তোলেন। ভোগ ঠাকুর, রাঁধুনি, ক্যাটারার এবং স্বেচ্ছাসেবকদের পরিশ্রম ও নিষ্ঠাতেই ভক্তরা একসঙ্গে বসে পুজোর ভোগ ভাগ করে নিতে পারেন।

এই উদ্যোগের মাধ্যমে সানরাইজ বিভিন্ন পুজোর সঙ্গে যুক্ত কয়েকজন ভোগ প্রস্তুতকারক এবং ক্যাটারারকে সম্মান জানিয়েছে। যাঁরা সাধারণত আড়ালেই থেকে যান, তাঁদেরই উৎসবের কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এই সম্মান শুধু তাঁদের রান্নার দক্ষতার জন্য নয়, দুর্গাপুজোর ঐতিহ্য ধরে রাখা এবং গোটা সমাজের জন্য একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করার ক্ষেত্রেও তাঁদের ভূমিকার স্বীকৃতি।

এই উদ্যোগ নিয়ে সানরাইজ স্পাইসেস, আইটিসি লিমিটেড-এর বিজনেস হেড সুরেশ চন্দ বলেন, “পুজোর ভোগ হাজার হাজার মানুষ একসঙ্গে উপভোগ করেন। কিন্তু প্রতিটি থালার পিছনে এমন কিছু মানুষ থাকেন, যাঁরা সবাই একসঙ্গে হওয়ার অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করেন। ‘পুজোর স্বাদকাহন’-এর বিশেষত্ব হল, এর মাধ্যমে আমরা বাংলার নানা প্রান্তের বিভিন্ন সমাজের গল্প জানতে পারি। প্রতিটি গল্পের নিজস্ব খাবার, স্মৃতি এবং ঐতিহ্য রয়েছে। এই উদ্যোগে সানরাইজ সেই ভোগ ঠাকুরদের সম্মান জানাতে চেয়েছে, যাঁদের অভিজ্ঞতা ও পরিশ্রম এই আয়োজন সম্ভব করে তোলে। পাশাপাশি, বাংলার দুর্গাপুজোকে এত বিশেষ করে তোলা নানা গল্পও আমরা সবার সামনে তুলে ধরতে চেয়েছি।”

Post a Comment

0 Comments