ভারতের ১০০ জন উদীয়মান নেতৃত্বের প্রথম তালিকা সামনে এলো

 
কলকাতা, ২২ নভেম্বর ২০২৬: টাইম  ১০০ জন উদীয়মান নেতৃত্বের প্রথম তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ব্যবসা, বিনোদন, বিজ্ঞান, ক্রীড়া, প্রযুক্তি, সামাজিক ক্ষেত্র-সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা প্রতিভাবান ব্যক্তিত্বদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই উদ্যোগের অন্যতম প্রধান সহযোগী রিলায়েন্স। টাইমের এই তালিকাটি প্রথম আন্তর্জাতিক সংস্করণ, যার মাধ্যমে ভারতীয় প্রতিভারা বিশ্বমঞ্চে আরও বৃহত্তর পরিচিতি লাভ করবেন।

এই প্রথম তালিকায় স্থান পাওয়া ব্যক্তিত্বদের সম্মান জানাতে টাইম ও রিলায়েন্সের উদ্যোগে আগামী ১২ ডিসেম্বর মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই বিশেষ সংখ্যার তিনটি পৃথক প্রচ্ছদ প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অভিনেত্রী আলিয়া ভাট, স্কাইরুটের সহ-প্রতিষ্ঠাতা, প্রধান কার্যনির্বাহী আধিকারিক ও প্রযুক্তি প্রধান পবন কুমার চন্দনার পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা আরিয়ান খান, পায়েল কাপাডিয়া ও তেজা রিও-র যৌথ প্রচ্ছদ।

তালিকায় স্থান পাওয়া প্রতিভাবান ব্যক্তিত্বদের সম্পর্কে লেখার জন্য টাইম বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানিয়েছে। তাঁদের মধ্যে এস.এস. রাজামৌলি লিখেছেন আলিয়া ভাট সম্পর্কে, ইমতিয়াজ আলি লিখেছেন বেদাং রায়না সম্পর্কে, ঋচা চাড্ডা লিখেছেন পার্বতী থিরুভোথু সম্পর্কে, বিশাল ভরদ্বাজ লিখেছেন আরিয়ান খান সম্পর্কে, এ. আর. রহমান লিখেছেন ফাহিম আবদুল্লাহ সম্পর্কে, আল্লু অর্জুন লিখেছেন অনিরুদ্ধ রবিচন্দরের সম্পর্কে এবং আয়ুষ্মান খুরানা লিখেছেন বৈভব সূর্যবংশী সম্পর্কে।

টাইমের প্রধান কার্যনির্বাহী আধিকারিক জেসিকা সিবলি বলেন, ভারত এমন এক দেশ, যেখানে অসাধারণ প্রতিভাসম্পন্ন তরুণ নেতৃত্ব উঠে আসছে। তাঁদের চিন্তাভাবনা ও প্রভাব শুধু নিজেদের ক্ষেত্রকেই নয়, দেশের ভবিষ্যৎকেও নতুনভাবে গড়ে তুলছে। তাঁদের অবদান বিশ্বজুড়েও অনুভূত হচ্ছে। এই তালিকার মাধ্যমে ভবিষ্যতের দিশা নির্ধারণ করতে চলা প্রতিভাদের স্বীকৃতি জানানোর সুযোগ তৈরি হয়েছে।

টাইমের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস তাঁর সম্পাদকীয়তে উল্লেখ করেন, ভারত বিশ্বের বৃহত্তম এবং সর্বকনিষ্ঠ জনসংখ্যার দেশগুলির মধ্যে অন্যতম। এই প্রজন্মের চিন্তাভাবনা, উচ্চাকাঙ্ক্ষা ও নেতৃত্ব শুধু ভারতের নয়, গোটা বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই তালিকার মাধ্যমে এমন প্রতিভাদেরও স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হয়েছে, যাঁদের অবদান এখনও আন্তর্জাতিক স্তরে ব্যাপকভাবে পরিচিতি পায়নি, কিন্তু নিজেদের কর্মক্ষেত্র এবং স্থানীয় সমাজে যাঁদের প্রভাব ইতিমধ্যেই অনুভূত হচ্ছে।

Post a Comment

0 Comments