বহরমপুরে ‘হেলথ অ্যান্ড হিলিং কনক্লেভ’ আয়োজিত




কলকাতা;  ২২ নভেম্বর:  মণিপাল হাসপাতাল ওল্ড এয়ারপোর্ট রোড,বেঙ্গালুরু বহরমপুরে প্রথমবারের মতো ‘হেলথ অ্যান্ড হিলিং কনক্লেভ’-এর আয়োজন করে। এই কনক্লেভে তিনটি গুরুত্বপূর্ণ চিকিৎসা বিভাগ – অর্থোপেডিক্স, কার্ডিয়াক সার্জারি এবং রোবোটিক গাইনিকোলজি – নিয়ে বিশেষ আলোচনা হয়। চিকিৎসার সর্বশেষ পদ্ধতি, চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি এবং সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসা শুরুর গুরুত্ব তুলে ধরা হয়। এই কনক্লেভে প্রায় ১০০ জন রোগী অংশগ্রহণ করেন এবং উপস্থিত চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

বেঙ্গালুরুর মণিপাল হাসপাতাল ওল্ড এয়ারপোর্ট রোডের তিনজন সিনিয়র চিকিৎসক বহরমপুরে এসে তাঁদের নিজ নিজ চিকিৎসা বিভাগের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা এবং সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন। 

অর্থোপেডিক্স বিভাগে হাড় ও জয়েন্টের সুস্থতা, পেশি ও হাড় সংক্রান্ত সমস্যার প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং চলাফেরার ক্ষমতা ও জীবনযাত্রার মান উন্নত করতে আধুনিক চিকিৎসা পদ্ধতির গুরুত্ব তুলে ধরা হয়। অন্যদিকে, কার্ডিয়াক সার্জারি বিভাগে হৃদরোগের ঝুঁকির কারণগুলি চিহ্নিত করা, সময়মতো চিকিৎসার প্রয়োজনীয়তা এবং জটিল হৃদরোগের চিকিৎসায় উন্নত অস্ত্রোপচার পদ্ধতির ভূমিকা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, রোবোটিক গাইনিকোলজি বিভাগে মহিলাদের স্বাস্থ্য পরিষেবায় রোবোটিক প্রযুক্তির সাহায্যে অস্ত্রোপচারের ক্রমবর্ধমান ভূমিকা সম্পর্কে আলোকপাত করা হয়। এই পদ্ধতিতে অস্ত্রোপচারে অধিক নির্ভুলতা, কম কাটাছেঁড়ার মাধ্যমে চিকিৎসা এবং উপযুক্ত রোগীদের ক্ষেত্রে দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনার বিষয়টিও তুলে ধরা হয়।

বহরমপুরের একটি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মণিপাল হেলথ এন্টারপ্রাইজেস লিমিটেডের জোনাল ডিরেক্টর ড. মনীশ রাই এবং বেঙ্গালুরুর মণিপাল হাসপাতাল ওল্ড এয়ারপোর্ট রোডের ইস্টার্ন জোনের ম্যানেজার অয়ন প্রধান উদীয়মান শহর ও গ্রামীণ এলাকার মানুষের কাছে বিশেষায়িত স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সচেতনতা পৌঁছে দেওয়ার বিষয়ে হাসপাতালের লক্ষ্য ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

এই প্রসঙ্গে ড. মনীশ রাই বলেন, “একটি সুস্থ সমাজ গড়ে তোলার প্রথম পদক্ষেপ হল সঠিক স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের নাগাল পাওয়া। বহরমপুরে হেলথ অ্যান্ড হিলিং কনক্লেভের মাধ্যমে আমাদের লক্ষ্য হল মহানগরের স্বাস্থ্য পরিষেবা এবং গ্রামীণ ও আধা-শহরাঞ্চলের মানুষের মধ্যে সচেতনতার ব্যবধান কমিয়ে আনা। আমরা বিশ্বাস করি, মানুষ যেখানেই বসবাস করুন না কেন, উন্নত চিকিৎসার বিকল্প, রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে তাঁদের সঠিক তথ্য পাওয়া উচিত। এই ধরনের উদ্যোগ রোগী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে অর্থবহ মতবিনিময়ের সুযোগও তৈরি করে, যা মানুষকে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন ও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।“

Post a Comment

0 Comments